জাতীয়

ময়মনসিংহে ভিডিপি দিবস উদযাপন

ময়মনসিংহে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  দিবস। ৫ জানুয়ারি সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন কামরুন নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পরিচালক, সঞ্জয় চৌধুরী পিভিএম, জেলা কমান্ড্যান্ট, মোঃ মুরাদ হোসেন এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও ভিডিপির সদস্য/সদস্যাগণ। এরপর উপমহাপরিচালক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী সার্কিট হাউজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ করেন।

 

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭৬ সালে তৃণমূল পর্যায়ে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের যে মহৎ লক্ষ্য নিয়ে ভিডিপি’র যাত্রা শুরু হয়েছিল, অর্ধশতাব্দী পেরিয়ে আজ তা দেশপ্রেম, মানবিকতা ও আস্থার এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। গ্রাম, নগর ও পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ডে ভিডিপি সদস্যদের অবদান জাতির জন্য অনন্য গৌরবের। ভিডিপি সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আতœকর্মসংস্থানে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের মধ্যে সুপ্ত ব্যবসায়িক উদ্যোগকে বাস্তবায়নসহ নিজেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠেনের অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের সদস্যরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আধুনিক প্রশিক্ষণ, স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থাপনা ও সময়োপযোগী সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ভিডিপি ভবিষ্যতেও বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নির্ভরযোগ্য শক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। সুবর্ণজয়ন্তীর এই গৌরবময় মুহূর্তে সকল ভিডিপি সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করছি।
শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত আমাদের প্রতিটি সদস্য দেশের সম্পদে পরিণত হোক এটাই আমাদের প্রত্যাশা।