জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা ও সংস্কৃতি

ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল ময়মনসিংহের জেলা প্রশাসনের আয়োজনে
মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামী দিনের প্রতিনিধি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতেই জাতীয় ও জেলা পর্যায়ে এই আয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা অনুভব, আকাঙ্খা দিয়ে দেশকে এগিয়ে নেবে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন , সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া  শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। ময়মনসিংহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ এতে অংশগ্রহন করেন। এ মেলায় ৬৯ টি স্টল স্থান পায়।