অনিয়ম-দূর্নীতিজাতীয়

মাটির চুলায় মিলল ৪ বছর বয়সী নিখোঁজ মরিয়মের নিথর দেহ, গ্রেফতার ২ 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ৪ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটির চুলার ভেতর থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনায় জড়িত সন্দেহে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

নিহত মরিয়ম উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে ইফতারের আগমুহূর্তে বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটির গলায় থাকা একটি রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চেইনটি নেওয়ার সময় শিশুটি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি চুলার ভেতর লুকিয়ে রাখে।

ঘটনার পরপরই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার সাদ্দাম মিয়া (৩৫) এবং তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই নৃশংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা। এই লোমহর্ষক ঘটনায় পুরো মারুয়াখালি গ্রামে শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।