অতিরিক্ত টাকা আদায়কারীদের বিরুদ্ধে হুশিয়ারী নবনির্বাচিত এমপি’র
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: দায়িত্ব গ্রহণের পরদিনই ঈশ্বরগঞ্জ পৌর কাচাঁবাজার থেকে অতিরিক্ত টাকা আদায়কারীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়েছেন সদ্য সম্পন্ন হওয়া ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসন (বিএনপি) থেকে বেসরকারি ভাবে নব-নির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ( বাবু) শুক্রবার ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র সংগ্রহ করে ঈশ্বরগঞ্জ এসে তার নিজ ইউনিয়নের জন্ম এলাকা নশতি বাজারে গিয়ে বিভিন্ন স্বজন, শুভাকাঙ্খীদের সাথে শুভেচ্ছাবিনিময় শেষে নিজ বাসভবনে ফিরে আসার পথে তিনি ঈশ্বরগঞ্জ পৌর কাঁচাবাজার পরিদর্শন পূর্বক ছোট-বড় সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এসময় তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদা ও ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় কয়েকজন ব্যবসায়ী জানান, নিয়মিত ইজারাদারদের চাপে তাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। তাদের কথা শুনে নব-নির্বাচিত সংসদ লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) স্পষ্টভাবে অতিরিক্ত অর্থ আদায় কারিদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন। হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইজারাদারদের চার্টে নির্ধারিত ফি থেকে বেশী অর্থ না প্রদানের জন্য, এবং যারা নির্ধারিত ভিটেতে না বসে ফুটপাতে খালি জায়গায় বসে তাদের ইজারা না দেবার জন্য বলেন। তিনি বলেন, “ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে ব্যবসা করবেন এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সরেজমিনে দেখা যায় , তিনি পৌরবাজারের ইজারাদারের সাথে কথা বলেন,এবং তিনি সরকার নির্ধারিত চার্ট যাচাই করেন,তিনি চার্টের থেকে অতিরিক্ত টাকা যেন না আদায় করা হয় সেই বিষয়ে সতর্ক করে ইজারাদারকে সরকার নির্ধারিত চার্ট সাঁটিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বাজারের এক সবজি ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, আজ এমপি সাহেব নিজে এসে আমাদের কথা শুনেছেন। তাঁর এমন সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগে আমরা সত্যিই আশাবাদী। তিনি যেভাবে সরাসরি মাঠে নেমে ব্যবস্থা নিচ্ছেন, এতে মনে হচ্ছে এবার সত্যিই বাজার চাঁদামুক্ত হবে।”
বাজারের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে ঈশ্বরগঞ্জ পৌরবাজার দ্রুতই চাঁদামুক্ত ও স্থিতিশীল ব্যবসা পরিবেশে পরিণত হবে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী, অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালকে ৬১ হাজার ৭ শত ৮৭ ভোটের বড় ব্যবধানে হারিয়ে তিনি বিজয় লাভ করেন। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান এ ফলাফল ঘোষণা করেন।

