রাজনীতি

আমরা দেশটাকে সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো সাজাব -কিশোরগঞ্জে জামায়াতের আমির

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ জেলাটি নানা বৈচিত্র্যে সমৃদ্ধ। এ জেলার মানুষ সমাগ্রতভাবে ধর্মপ্রাণ। তারা অন্যান্য ধর্মের সঙ্গেও চমৎকার সর্ম্পক রক্ষা করে চলেন। এটি ধর্মের সৌন্দর্য্য। আমরা দেশটাকে সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো সাজাব। আমরা আমাদের প্রিয় জাতি ভাগ বা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। যুব সমাজ অতীতের পঁচা রাজনীতির জন্য বুক চিতিয়ে লড়াই করেনি, তারা পরিবর্তন চেয়েছে। ১৩ তারিখ থেকে সেই পরিবর্তনের সূচনা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “কিশোরগঞ্জ জেলা শিল্প কলখানার জেলা না, এ জেলা কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি, কৃষিকে আমরা শিল্পতে পরিণত করব। বলবেন, এত টাকা কোথায় পাবেন? যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা আদায় করে আনব। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।”
জামায়াতের আমির বলেন, “মায়ের গর্ভে থেকে আমরা বড় হয়েছি, মায়ের দুধ পান করেছি। মায়ের কাছে লালিত-পালিত হয়েছি। মায়ের আদর ও ভালোবাসায় পড়ালেখা করেছি। মায়ের কোনো ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এরপরও আমাদের কৃতজ্ঞচিত্তে তা পরিশোধ করার চেষ্টা করতে হবে।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছিল, সেদিনই দেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার মায়ের অপমান সহ্য করতে পারে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “দেশে মা-বোন ও সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা পরে তো উন্নতি। দুটোই আমার দরকার, কিন্তু কোনটাই আমাদের নাই।”
সভায় কিশোরগঞ্জের-২, কিশোরগঞ্জ-৩, কিশোরগঞ্জ-৪, কিশোরগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় কিশোরগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর হাতেও রিকশা প্রতীক তুলে দেন তিনি।