একুশের স্মৃতি
একুশের স্মৃতি
রনি বর্মন
ভোরের আলোয় জেগে ওঠে একুশে ফেব্রুয়ারি,
খালি পায়ে আমরা হাঁটি শহীদ মিনারের পথে।
হাতে গাঁদা-শাপলা, স্কুলের সারি বেঁধে চলা,
ফেব্রুয়ারির হাওয়ায় ভাসে ভাষা-রক্তের কথা।
১৯৫২’র ইতিহাস তখন পুরো বোঝা না গেলেও,
কালো বেদীর সামনে দাঁড়িয়ে নিঃশব্দ হই।
স্যারের কণ্ঠে উচ্চারিত সালাম-বরকতের নামে,
শিশু মনে গেঁথে যায় ভাষার গভীর ঋণ।
ফুল রেখে নত করি মাথা, শিখি প্রথম শপথ—
বাংলাকে ভালোবাসা মানে নিজেকে জানা।
সেই একুশ আজও ডাকে স্মৃতির আঙিনায়,
মায়ের ভাষায় মানুষ হয়ে বেঁচে থাকার সাহস দেয়।

