অন্যান্য

ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফুলবাড়ীয়া  প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পানিতে ডুবে ফুয়াদ (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদলের ছোট ভাই হুমায়ুন কবীরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়াদ তার বাবা-মায়ের সঙ্গে ময়মনসিংহ শহরে বসবাস করতেন। মাদ্রাসা বন্ধ থাকায় সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তার বাবা স্থানীয় একটি ফিসারিতে মাছ বিক্রি করছিলেন। সে সময় ফুয়াদও সেখানে ছিল।
একপর্যায়ে ফুয়াদের মা ফোন করলে হুমায়ুন কবীর ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। ধারণা করা হচ্ছে, ফিসারির পাড় থেকে ফেরার পথে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় সে। প্রায় এক ঘণ্টা পর বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফিসারির পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তিনি বলেন, “অভিভাবকদের উচিত শিশুদের সাঁতার শেখানো ও সবসময় নজরদারিতে রাখা। সচেতনতা না বাড়ালে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।