নান্দাইলে সন্তানের সামনে মা’কে গণধর্ষণ, পাঁচ দিন পর উদ্ধার
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিজ শিশু সন্তানের সামনে ২৮ বছর বয়সী এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পাঁচদিন পর শনিবার (২৫ এপ্রিল ) দুপুরে পুলিশ এক প্রতিবেশীর বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
জানাগেছে,গত সোমবার বিকেলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি (ভালুকা) যাওয়ার পথে ওই নারী পথ হারিয়ে ফেলেন। এসময় সাহায্যের কথা বলে কয়েকজন লোক তাকে নির্জন স্থানে নিয়ে যায়। প্রথমে একটি বিলের কাছে চারজন এবং পরে পাশের একটি বাড়িতে আরও দুইজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। বাধা দিতে গেলে তার শিশু সন্তানকেও মারধর করা হয়, যাতে শিশুটির চোখে জখম হয়। তবে ধর্ষণকারীদের নাম জানা যায়নি
এ ঘটনার পর ওই নারী গুরুতর অসুস্থ অবস্থায় সুজন মিয়া নামে এক ইজিবাইক চালকের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ক্রমাগত রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ শনিবার তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
অভিযোগ উঠেছে, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. বাসারত মিয়া ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর ছিলেন। তিনি আশ্রয়দাতাকে ভয়ভীতি দেখান এবং বিষয়টি গোপন করার জন্য টাকা দাবি করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও জড়িতদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

