অনিয়ম-দূর্নীতিঅন্যান্যজাতীয়

নান্দাইলে শিশু  সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:  ময়মনসিংহের নান্দাইলে সন্তানসহ ভুলবশত গাড়ি থেকে নেমে পড়া এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৯ এপ্রিল) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মোল্লা মিয়া (২৮)। সে নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে সুনামগঞ্জ থেকে ভালুকা যাওয়ার পথে ভুলবশত নান্দাইল এলাকায় তিন বছরের সন্তানসহ নেমে পড়েন ওই নারী। রাত সাড়ে এগারোটার দিকে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে হত্যার ভয় দেখিয়ে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে গাঙ্গাইল ইউনিয়নের একটি হাওড়ের খোলা জায়গায় নিয়ে ২০ এপ্রিল ভোররাত পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিম চিকিৎসা গ্রহণ করেন এবং কাজল নামে এক অভিযুক্তকে শনাক্ত করলে পুলিশ অভিযান শুরু করে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো আব্দুল্লাহ আল মামুন জানায়, পুলিশ সুপার দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিলে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে মোল্লা মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোল্লা মিয়া ওই ঘটনার মূল অটোরিকশা চালক ছিল। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।