ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ভোরে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুবায়েত হাসান রাকিব (২৩)। তিনি ফুলবাড়িয়া পৌর শহরের একটি সুপার মার্কেটে কসমেটিকস ব্যবসা করতেন এবং উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল নুসরাত জাহান রীথি নামের এক তরুণীকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে বিবাহ করেন রাকিব। বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আত্মহত্যার আগে রাকিব নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার মৃত্যুর জন্য স্ত্রী রীথি, তার পিতা, ভাই ও মামাসহ পুরো পরিবারকে দায়ী করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দুজনের সম্মতিতেই কোর্ট ম্যারেজ হয়েছিল।
তবে পরবর্তীতে তার স্ত্রী দাবি করেন, রাগের মাথায় বিয়ে করেছেন এবং সরকারি চাকরি না থাকলে তিনি এই সম্পর্ক বজায় রাখবেন না। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানিয়েছেন,এ ঘটনায় ইউ ডি মামলাহয়েছে। লাশ মর্গে প্ররন করা হয়েছে।
