অনিয়ম-দূর্নীতিঅন্যান্যজাতীয়রাজনীতি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির আহ্বান জানালে সংঘর্ষের আশংকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।
জানা যায়, পহেলা বৈশাখের দিন বিকাল ৫টার দিকে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল নেতা রিয়াদ আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আহত রিয়াদের সমর্থনে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. জোবায়েদ হোসেন শাকিলের অনুসারীরা তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল এলাকায় বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ঘোষণা দেয়। একই সময়ে উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির আহ্বান জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা। একই সময় ও কাছাকাছি স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার ফলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।