প্রতিবন্ধী ছেলেকে রশি দিয়ে বেঁধে নির্যাতন, থানায় নিখোঁজের অভিযোগ দায়ের
মোঃ বাবুল হোসেন, হালুয়াঘাট প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একজন প্রতিবন্ধী ছেলেকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠার পাশাপাশি প্রতিবন্ধী ছেলে নিখোঁজে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেন নির্যাতিতের চাচা আবু হানিফ (৪০)।
থানায় লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮শে ডিসেম্বর শেরপুর জেলার নালিতাবাড়ি থেকে আবু হানিফ (৩২) এর সাথে তাঁর শ্বশুড়বাড়ি হালুয়াঘাট থানাধীন জিগাতলা গ্রামে বেড়াতে আসে। সে সময় তিনি মানসিক প্রতিবন্ধী ওয়াস করনি (১৫) কে সাথে নিয়ে যায়। ওয়াস করনি (১৫) মানসিক প্রতিবন্ধী হওয়ায় আবু হানিফসহ অন্যান্যদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। খোঁজাখুঁজিকালীন সময়ে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে জানতে পারেন, প্রতিবেশী শরাফ আলী, আলম,নয়ন চকিদার ও তৈয়ব আলী প্রতিবন্ধী ছেলে ওয়াস করনি (১৫) কে রশি দিয়ে বেঁধে কিল ঘুষি দিয়ে জখম করে শারিরীক নির্যাতন করা হয়। বিবাদী শরাফ আলী গংদের বাড়িতে নির্যাতনের পর থেকে ওয়াস করনিকে আর পাওয়া যায় নি।
এ ব্যাপারে ওয়াস করনির চাচা আবু হানিফ বাদী হয়ে হালুয়াঘাটের শরাফ আলী, আলম,নয়ন চকিদার ও তৈয়ব আলী এই ৪ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চাচা আবু হানিফ বলেন, আমার ভাতিজাকে তারা নির্যাতন করেছে। এরপর থেকে তাঁকে খুঁজে পাচ্ছি না। আমার মানসিক প্রতিবন্ধী ভাতিজাকে খুঁজে পেতে এবং তাকে নির্যাতনকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা কামনা করছি।

