বাতিল হলো ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ভিক্ষার টাকায় নির্বাচনী প্রস্তুতি নেওয়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। গত ২৯ ডিসেম্বর আবুল মুনসুর ফকির ওই কর্মকার্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন।
তিনি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের বাসিন্দা। ওই এলাকার মরহুম চান মিয়ার ছেলে আবুল মুনসুর ফকিরের জীবিকা নির্বাহ হয় ভিক্ষাবৃত্তি ও সাধারণ মানুষের সহায়তায়।
কেন মনোনয়ন বাতিল করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দিন ধরেই নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা থেকে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সাধারণ ভোটাররাও দিয়েছেন আমাকে সমর্থন। ওই বিশ্বাস থেকেই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবিষয়ে আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি চাইলে নিয়মানুযায়ী আপিল করতে পারবেন।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাতের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

