জাতীয়রাজনীতি

ময়মনসিংহ-৯ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন মাহমুদা সুলতানা

নান্দাইল প্রতিনিধি:ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গুলশান থানা বিএনপির অন্যতম সক্রিয় নেত্রী ও শিক্ষানবিশ আইনজীবী মাহমুদা সুলতানা।
গত শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের সময় গুলশান থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং তাঁর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাহমুদা সুলতানা ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর মুশুল্লী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম শামীমা আক্তার। ৩২ বছর বয়সী এই তরুণী রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাঁর যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এম.এ এবং পরবর্তীতে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদা সুলতানা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান থানা বিএনপির জনসযোগ উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে তিনি অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
নান্দাইল এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপি নেতা-কর্মীদের মাঝে মাহমুদা সুলতানার মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্লিন ইমেজের শিক্ষিত ও তরুণ এই নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে এলাকার নারীদের ক্ষমতায়ন ও দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় মাহমুদা সুলতানা বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। ময়মনসিংহ-৯ এলাকার মানুষের অধিকার আদায় এবং দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তবে আমি নারী অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”