ময়মনসিংহে ‘চাচার হোটেল’ মালিকের বাসায় দস্যুতা: একজন গ্রেফতার, টাকা উদ্ধার
শহর প্রতিনিধি: ময়মনসিংহের আলোচিত ‘চাচার হোটেল’-এর মালিকের বাসায় দস্যুতার ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মূল আসামি এক নারীকে গ্রেফতারসহ লুণ্ঠিত পৌনে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গত বছরের ১৮ জুন মধ্যরাতে নগরীর নিজ বাসায় প্রবেশের সময় হোটেল মালিক খন্দকার আবু মুছা মোহাম্মদ আদমকে জিম্মি করে দস্যুরা। তাকে হাত-পা বেঁধে মারধর করে ঘরের ট্রাঙ্ক ভেঙে ২৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে ডিবি।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে কাঁচিঝুলি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানে ঘটনায় জড়িত স্বপ্না (৪৩) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার বাসা তল্লাশি করে লুণ্ঠিত ২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিবির এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

