কিশোরগঞ্জে গ্রাম আদালতের নানা কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনডিপি বাংলাদেশ’র প্রতিনিধিদল
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কিশোরগঞ্জের নানা কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনডিপি বাংলাদেশ এর একটি প্রতিনিধিদল।সোমবার সকালে তারা প্রথমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার মো.কামরুল হাসান মারুফের সাথে সাক্ষাৎ করে সদরের গ্রাম আদালতের খোঁজ খবর নেন। এরপর সদরের চৌদ্দশত ইউনিয়নের সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনে আসা ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার ছিলেন গ্রাম আদালতের মনিটরিং এন্ড লার্নিং এনালিস্ট জাকিয়া শারমিন , এডমিন এন্ড অপারেশন রাশেদুল ইসলাম। সাথে ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার, সদরের সমন্বয়কারী কবির।
পরিদর্শনে আসা প্রতিনিধিদল জানিয়েছে গ্রাম আদালতের সেবা, কার্যপ্রণালি ও সুবিধা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। সেসব সেবা কিভাবে গ্রহণ করেন উপকারভোগীরা এবং কিভাবে উপকার পাচ্ছেন তার কার্যক্রম সরজমিন পরিদর্শন করা হয়।
তারা আরও জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শন শেষে মধ্যযুগীয় কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর বসতভিটা ও তার স্মৃতি বিজড়িত মন্দির পরিদর্শন করেন। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইট পরিচায়ক ও কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী তাদেরকে স্বাগত জানান এবং এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।
