অনিয়ম-দূর্নীতিজাতীয়

গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গফরগাঁও প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ-আল-মামুন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই নকলের সুযোগ দেওয়া যাবে না এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান ও পাগলা থানার এসআই আজহারুল ইসলাম। এছাড়া উপজেলার এসএসসি ৮টি কেন্দ্র, দাখিল ২টি কেন্দ্র ও এসএসসি (ভোকেশনাল) ১টি কেন্দ্রসহ মোট ১১ টি কেন্দ্রের কেন্দ্র সচিবগণ সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলার কেন্দ্র সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।