অনিয়ম-দূর্নীতিঅন্যান্য

মদনে চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আরিফুল ইসলাম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার গভীর রাতে মদন পৌর শহরের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম উপজেলার মদন দক্ষিণ পাড়া গ্রামের নুর ইসলাম ওরফে নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৬) রয়েছে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, আরিফুল ইসলাম এলাকায় মাদকের ‘মাফিয়া’ হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।