ময়মনসিংহে ডেন্টাল সার্জনদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার
হৃদ্যতাপূর্ণ পরিবেশে, জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে ডেন্টাল সার্জনদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নগরীর কাঁচিঝুলি গ্রীন পয়েন্ট পার্টিসেন্টারে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘Clinical knowledge sharing of dentistry, dental surgeons of mymensingh’ এর উদ্যোগে এবং ‘Mediplus’ এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিএমডিসি রেজিস্টার্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে কর্মরত ২৫০জন ডেন্টাল সার্জন অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডা. আব্দুর রশীদ, এক্স প্রিন্সিপাল, রংপুর ডেন্টাল কলেজ ও হাসপাতাল, চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন অর রশীদ, এক্স ইউনিট হেড, ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং কো-চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েট প্রফেসর ডা. মনোয়ারুল ইসলাম, ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি)।
অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত সেমিনারে ডেন্টাল প্রফেশনকে কিভাবে আরো জনমুখী করা যায়, জনসেবায় ডেন্টাল সার্জনগণ কিভাবে আরও বেশি আত্মনিয়োগ করতে পারে, বাংলাদেশে ডেন্টাল প্রফেশনের আপগ্রেডেশনের মধ্য দিয়ে দন্তচিকিৎসাকে কিভাবে আরো নিখুঁত ও সহজলভ্য করে তোলা যায়, সর্বোপরি স্বাস্থ্যসেবায় ডেন্টাল সার্জনদের অবদানকে আরো নিখুঁত করে তুলতে নানামুখী পদক্ষেপ ও তার বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে ডা. হাবিবুর রহমান এবং মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলেন ডা. আসাদুজ্জামান রাকিব, মেডিকেল অফিসার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে ডা. সুলতানা রাজিয়া খানম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিবিএমসিবি এবং ডা. মোখলেসুর রহমান মনির, এসিস্ট্যান্ট প্রফেসর, সিবিএমসিবি; আলোচক হিসেবে ডা. নওশাদ কায়সার পাঠান, এসিস্ট্যান্ট প্রফেসর, ওএমএস, ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজ, প্রফেসর ডা. এম এম এ কাদের রুবেল, এক্স প্রিন্সিপাল, আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং ডা. গাজী শাহ মো. শিশির, ডেন্টাল সার্জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত ছিলেন।
বৃহত্তম ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে সেমিনারে ডেন্টাল প্রফেশনের মানোন্নয়নে ভবিষ্যতে আরও সুন্দর প্রোগ্রাম আয়োজনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পিআইডি,ময়মনসিংহ।

