হালুয়াঘাটে শিক্ষার্থীদের খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুবেরের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ বাবুল ,হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গতকাল সালমান ওমর রুবেল যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আইল্যান্ড ট্রেডিং লিমিটেড। ৩১ জানুয়ারী বিকাল ৫টার দিকে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সালমান ওমর রুবেল এবং তার কর্মী বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩০ জানুয়ারি ২০২৬ইং তারিখে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল দাবি করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ১৩০ টাকা বরাদ্দ থাকলেও মাত্র ২০ থেকে ২৫ টাকার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের দাবি, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, কমলমতি শিশুদের জন্য সপ্তাহের ৫ দিন সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত খাদ্যদ্রব্যের তালিকা তুলে ধরে জানানো হয়, রবিবার বনরুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা, সোমবার রুটি জনপ্রতি ২২ টাকা, মঙ্গলবার কলা জনপ্রতি ৯ টাকা ৫০ পয়সা, বুধবার বনরুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা এবং বৃহস্পতিবার রুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা ভ্যাট ও ট্যাক্সসহ। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সরকারি টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছি এবং এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করলে এর সত্যতা পাওয়া যাবে। শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে।
আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। এটা কোন প্রার্থীর বক্তব্য হতে পারে না। এ সময় অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের প্রতি তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষে আইল্যান্ড ট্রেডিং লিমিটেড ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত খাদ্যদ্রব্য যথাযথভাবে বিতরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

