জাতীয়

ময়মনসিংহ সফরে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

নান্দাইল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ জেলা সফরে আসছেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। এদিন নান্দাইলে নিজ বাসভবনে জুম্মার নামাজ আদায় শেষে বিকেল ৩টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন তিনি।

এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক ও জনপথ অধিদপ্তর (কিশোরগঞ্জ টিম) এবং নান্দাইল উপজেলা বিএনপি’র কার্যালয়ে ‘উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় যোগদান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেবেন। এছাড়া মাজার বাসস্ট্যান্ড এলাকায় স্পিড ব্রেকারের স্থান নির্ধারণ এবং সন্ধ্যায় নিজ বাসভবনে জনসাধারণের সাথে সাক্ষাত শেষে সেখানে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এর মধ্যে কানারামপুর সুরেশ ডাক্তার-কালিয়াপাড়া বাজার সড়ক এবং নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের শুভ উদ্বোধন উল্লেখযোগ্য। এছাড়া তিনি গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নান্দাইল পৌরসভা কার্যালয় পরিদর্শন করবেন।

বিকেল ৩টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বর্তমান জ্বালানি সমস্যা নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। এরপর স্থানীয় জনসাধারণের সাথে সাক্ষাত শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রতিমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব মো. মাহফুজুল আলম মাসুম, সহকারী একান্ত সচিব মো. মহিউদ্দিন আহমেদ এবং ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।