কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ নারী নিহত; আহত ৯
কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ ঘটে। এতে এক (১) নারী নিহতসহ উভয় পক্ষের গুরুতর আহত ৯ জনের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
বুধবার (২২ এপ্রিল) সকাল সড়ে ১১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ।
গুরুতর আহত ৭ জন হলেন, আসমা (৪৫), স্বামী-ইদ্রিস, সোহেল (৩৬), পিতা-কুদ্দুস, হারুনা (৬০), স্বামী -মৃত উসমান, শিকা (১৮), স্বামী-খায়রুল, শারমিন (২৫), স্বামী-সবুজ, নূরুল ইসলাম (৬০), পিতা- শাহ নেওয়াজ এবং শাহিন মিয়া (৩২), পিতা মৃত শামসুদ্দিন । এছাড়াও ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়া নামে দুজন আহত হয়েছেন ।
জানা গেছে- দীর্ঘদিন যাবত নূরুল ইসলাম ও তাঁর ফুফাত ভাই শামসুদ্দিনের মধ্যে জায়গা জমি নিয়ে সমস্যা ও রেষারেষি চলছিলো । আজ সকাল ১০টায় এক পক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্য পক্ষ বাধা দেয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
নিহতের পরিবারের দাবি দুই গোষ্ঠীর এই সমস্যাকে আরো উসকে দেয় স্থানীয় কিছু নেতাকর্মীও । এই ঘটনার সাথে জড়িত মৃত সফু মিয়ার ছেলে হৃদয়, জসিম উদ্দিনের ছেলে নূরুল, হাবুলের ছেলে জাহাঙ্গীরসহ আরো অনেকে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান- ঘটনাস্থলে আছি । আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে । এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নি এবং লিখিত কোন অভিযোগও পাইনি । তিনি আরো বলেন- মৃতদেহের সুরতহাল চলছে ।

