হালুয়াঘাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ বাবুল হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলমসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় হালুয়াঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ, চুরি-ডাকাতি ও ছিনতাই দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত তদারকি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, ভেজালবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসনে আইন প্রয়োগ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। সামনে আমাদের জতীয় নির্বাচন, আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসন ও থানাকে জানানোর আহ্বান জানান।
থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সভায় চলমান আইনশৃঙ্খলা কার্যক্রম তুলে ধরে বলেন, অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

